ব্রাজিলের বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই: রোনালদো 

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৩:৫৮:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৩:৫৮:৫৭ অপরাহ্ন
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০০২ সালে সর্বশেষ শিরোপা জিতেছে সেলেসাওরা। ২৪ বছর ধরে বিশ্বকাপ খরায় ভুগছে তারা। বার বার ‘হেক্সা’ জয়ের স্বপ্নে হোঁচট খেয়েছে ব্রাজিল। সেলেসাওরা বিশ্বকাপ জেতার মতো আর যথেষ্ট শক্তিশালী নয় বলে মনে করেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও।

‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে অতিথি হিসেবে রোনালদো বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে আমাদের দেশে নিজেদের প্রতিভার ওপর ভর করেই প্রচণ্ড আত্মবিশ্বাস কাজ করত। কিন্তু আজকের ইউরোপীয়রা অনেক বেশি শক্তিশালী, দ্রুতগতির, সুসংগঠিত এবং তারা ভালো খেলে।’

বিশ্বকাপে ব্রাজিল সব সময়ই ফেবারিট- কথাটা বহু বছর ধরে স্বীকৃত সত্য। তবে রোনালদো মনে করেন এখনকার পরিস্থিতি তেমন নয়। তিনি বলেন, ‘বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী নয় ব্রাজিল। আমাদের শক্তিশালী দল নেই, আমরা ঐক্যবদ্ধ নই।’

১৯৯৪ সালে বেঞ্চে বসে দেখেছেন রোমারিও-বেবেতোদের বিশ্বকাপ জয় দেখেছেন রোনালদো। আর ২০০২ সালে রোনালদিনিও-রিভালদোদের সঙ্গে জেতেন বিশ্বকাপ। সর্বোচ্চ ৮ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। 

রোনালদোর চোখে ২০০২ সালের ব্রাজিলই দলই সবচেয়ে সেরা। তিনি বলেন, ‘২০০২ ব্রাজিল জাতীয় দল। আমরা যে কাউকে হারাতে পারতাম। রবার্তো কার্লোস সেরা ফর্মে ছিল। কাফু, লুসিও, এডমিলসন, রকি জুনিয়রও দুর্দান্ত ছিল। গিলবার্তো সিলভা এবং ক্লেবারসন ভালো খেলছিল। রিভালদো, রোনালদিনিও...জুনিনিও।’ 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com