ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৪:১২:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৪:১২:৪৪ অপরাহ্ন
রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলে পূরবী জুয়েলার্স থেকে প্রায় দুই হাজার ভরি সোনা, রুপা ও হীরার গহনা চুরির অভিযোগ উঠেছে।

দোকান কর্তৃপক্ষের অভিযোগ, চুরির আগে দোকানের কয়েকজন নিরাপত্তাকর্মীকে ‘মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়েছিল’। ফলে দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের ‘যোগসাজশ থাকার’ সন্দেহ করছে দোকান কর্তৃপক্ষ।

শনিবার (২৮ নভেম্বর) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন , দোকান মালিক প্রাথমিকভাবে জানিয়েছেন, ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ভরি গহনা চুরি হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। শপিং মলের দুই নিরাপত্তাকর্মী পলাতক। ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে আরও চার নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার ধানমন্ডি ৬/এ এলাকার রাত আনুমানিক ২টার দিকে ওই শপিং মলে এ ঘটনা ঘটে।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক দুই হাজার ভরি গহনা চুরি হয়েছে। এর মধ্যে সোনা, রুপা ও হীরার গহনা রয়েছে। এ ছাড়া দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে চোরেরা।

এসব বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, আমরা কাজ করছি। জড়িতদের শিগগির আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে ধানমন্ডি থানার এক কর্মকর্তা বলেন, মার্কেটের দুই নিরাপত্তাকর্মী পলাতক। চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, ঘটনার পর থেকে কয়েকজন নিরাপত্তাকর্মী নিখোঁজ। তাদের একজন জুয়েলার্সের নিজস্ব এবং দুজন মার্কেটের। দোকানের অন্য নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে’ অচেতন করা হয়ে থাকতে পারে।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে চুরি করতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও দুজন অপরিচিত লোকের উপস্থিতি ছিল। ফুটেজে দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করেছেন। ভেতরে ঢোকার পর তাদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন।

ঘটনায় জড়িত এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্র উদ্ধার করে তদন্তকারী দলের কাছে দেওয়া হয়েছে বলেও জানান সঞ্জীব।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com