আজ অনুশীলন নেই, রোজা রাখছেন হামজা

আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৪:৩১:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৪:৩১:২৫ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন ঢাকায়। গতকাল রাতে ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে তারা। ম্যাচের পরদিন আজ খেলোয়াড়দের জন্য কোনো অনুশীলন নেই। হোটেলেই চলছে রিকভারি সেশন—আইস বাথ, হালকা স্ট্রেচিং আর বিশ্রামের মধ্য দিয়েই সময় কাটছে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের।

ঈদুল আজহা সামনে। আগামী পরশু, ৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ। অনেক মুসলিম ধর্মাবলম্বী খেলোয়াড়ই ঈদের আগে রোজা রাখেন। সেই তালিকায় আছেন দলের অন্যতম তারকা হামজা চৌধুরীও। ইংল্যান্ডে বেড়ে ওঠা হলেও ধর্মচর্চায় বরাবরই মনোযোগী এই মিডফিল্ডার। টিম সূত্রে জানা গেছে, টিম ম্যানেজার আমের খান ও অ্যাটেনডেন্ট মোহাম্মদ মহসিনও রোজা রেখেছেন। আগামীকালও রোজা রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

তবে ঈদের আনন্দ বেশি দিন স্থায়ী হবে না। কারণ, ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। ঈদের মাত্র তিন দিন পরেই ম্যাচ—তাই ঈদের দিনও অনুশীলনের বাইরে থাকছে না দল। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সকালে ঈদের নামাজ ও উদযাপন শেষে সন্ধ্যা সাতটায় অনুশীলনে নামবে জামালরা।

আজকের দিনটা যদিও শুধুই বিশ্রামের। তবে এর ফাঁকে হয়ে গেছে একটি ফটোশুটও—১০ জুনের ম্যাচে যে সাদা হোম জার্সিতে খেলবে বাংলাদেশ, সেই জার্সির আনুষ্ঠানিক ফটোসেশন হয়ে গেছে আজ টিম হোটেলেই।

উল্লেখ্য, ভুটানের বিপক্ষে গতকাল হোম ম্যাচ হলেও বাংলাদেশ খেলেছে অ্যাওয়ে জার্সি—লাল রঙে। আগামীকাল আবার মাঠে ফিরবে দল। শুরু হবে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির মূল পর্ব।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com