মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা নিয়ে জাতিসংঘে কাতারের চিঠি

আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৬:০৭:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৬:০৭:৩০ অপরাহ্ন
দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে চিঠি দিয়েছে কাতার। মঙ্গলবার (২৪ জুন) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।

চিঠিতে সোমবার রাতের হামলাকে ‘চরম বিপজ্জনক উসকানি’ হিসেবে বর্ণনা করা হয় এবং একে কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন বলা হয়। এতে আরও উল্লেখ করা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এই ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

কাতার জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে বলেও চিঠিতে জোর দিয়ে বলা হয়েছে।

এদিকে, মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে কাতার। সোমবার কাতার জানায়, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এই প্রেক্ষাপটে মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফোনালাপে আল উদেইদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে আলোচনা হয়।

এ বিষয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, আমির শেখ তামিম আলাপকালে ইরানের প্রেসিডেন্টের কাছে হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, কাতার সবসময় সুসম্পর্ক ও ভালো প্রতিবেশীর নীতিতে বিশ্বাসী এবং ইরান থেকে এমন আচরণ প্রত্যাশা করেননি।

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমির সম্ভাব্য কূটনৈতিক ও আইনি প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। তবে এই বিষয়টি যেন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং অতীতের ঘটনা হিসেবে বিবেচিত হয়—সেই আহ্বানও জানানো হয়েছে।”


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com