জোহরানের নাম পাকিস্তানিদের মতো, বিতর্কিত মন্তব্য কঙ্গনার

আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৬:৫৫:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৬:৫৫:৪৬ অপরাহ্ন
নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে ঘিরে বিতর্কিত মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে কঙ্গনা দাবি করেন, জোহরান হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং তিনি হিন্দুধর্ম মুছে ফেলতে চান।

কঙ্গনা লেখেন, “জোহরান একবার টাইমস স্কয়ারে হিন্দুদের কটু কথা বলেছিলেন। তার নাম পাকিস্তানিদের মতো শোনায়, ভারতীয় না। তার মা মিরা নায়ার, পদ্মশ্রীপ্রাপ্ত খ্যাতনামা পরিচালক। বাবা মেহমুদ মামদানি গুজরাটি বংশোদ্ভূত লেখক। তাহলে তার হিন্দু পরিচয় গেল কোথায়?”

তবে জোহরানের মা মিরা নায়ারকে প্রশংসা করতে ভোলেননি কঙ্গনা। তিনি লেখেন, “মিরা জিকে কয়েকবার দেখেছি, অভিনন্দন জানাই।”

এদিকে, নিউইয়র্ক সিটির মেয়র পদের প্রাথমিক নির্বাচনে জয়ী হয়েছেন জোহরান মামদানি। ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার কাছে পরাজয় মেনে নিয়েছেন সাবেক মেয়র অ্যান্ড্রু কুমো। এই ফলাফলকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক বড় চমক হিসেবে দেখা হচ্ছে।

৩৩ বছর বয়সী জোহরান বর্তমানে নিউইয়র্ক রাজ্যের অ্যাসেম্বলি সদস্য। তিনি যদি নির্বাচনে জয়ী হন, তবে হবেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র।

এদিকে, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক পোস্টে জোহরানকে কটাক্ষ করে ‘১০০% কমিউনিস্ট পাগল’ বলে মন্তব্য করেছেন।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com