সাকিবের রেকর্ড নিজের করে নিলেন তাইজুল

আপলোড সময় : ২২-১১-২০২৫ ০১:১৯:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৫ ০১:১৯:১২ অপরাহ্ন
একটা উইকেটেরই অপেক্ষা ছিল কেবল। সে অপেক্ষার প্রহরটা শেষ করতে তাইজুল ইসলাম সময় নিলেন মোটে ৩ ওভার। উইকেটটা নিয়েই সাকিব আল হাসানের রেকর্ডটা একান্ত নিজের করে নিয়েছেন তাইজুল ইসলাম। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটা এখন শুধুই তার।
ইনিংসের শুরু থেকেই আক্রমণে ছিলেন তাইজুল। ষষ্ঠ ওভারে সাফল্যের দেখা পেলেন তিনি। তার গতির হেরফেরে বিভ্রান্ত হন অ্যান্ড্রু বালবার্নি। খানিকটা বেশি গতির আর্মারটার কোনো জবাবই দিতে পারেননি আইরিশ অধিনায়ক। তাইজুলদের এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নিয়েছিলেন। তবে সেখানে দেখা গেছে সবকিছুই ‘লাল’। ফলে আম্পায়ারের সিদ্ধান্তই টিকে যায়। 



তাইজুল তার পরের ওভারেও পেয়ে গেছেন একটি উইকেট। পল স্টার্লিং তার বলে সামনে ঝুঁকে ডিফেন্ড করতে গিয়েছিলেন। তবে তার ব্যাট ছুঁয়ে বল চলে যায় ফরোয়ার্ড শর্ট লেগে থাকা মাহমুদুল হাসান জয়ের কাছে। তুলনামূলক সহজ ক্যাচটা নিতে ভুল করেননি সিলেট টেস্টের নায়ক। তাইজুল তুলে নেন তার ক্যারিয়ারের ২৪৮তম উইকেট। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁতে তার এখন চাই ২ উইকেট।আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুতে তাইজুল ইসলামের উইকেট সংখ্যা ছিল ২৩৭টি। প্রথম টেস্টে ৫ আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ২৪৬-এ। আর এতেই সাকিবকে ছুঁয়ে ফেলেন বাঁহাতি এ স্পিনার। আজকের দুই উইকেটে তাকে ছাড়িয়ে এবার নতুন মাইলফলকের দিকে ছুটলেন তিনি।




৫৪ টেস্টে ২০৫ উইকেট নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। পরের দুটি অবস্থান মোহাম্মদ রফিক (১০০) আর মাশরাফি বিন মর্তুজার (৭৮)।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com