ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি

আপলোড সময় : ০৯-০২-২০২৬ ১১:২৯:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৬ ১১:২৯:৪৯ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) লেনদেনে বড়ো ধরনের কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিকাশ, নগদ বা রকেটের মতো সেবায় ব্যক্তিগত হিসাবে একবারে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। টানা ৯৬ ঘণ্টা বা চার দিন এই বিধিনিষেধ কার্যকর থাকবে।রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। মূলত নির্বাচনে অর্থের অবৈধ ব্যবহার ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।




কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) হিসাবে লেনদেনের সীমা সীমিত থাকবে। এই সময়ে এক দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে, তবে প্রতিবার লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা। অর্থাৎ একজন গ্রাহক দিনে সব মিলিয়ে ১০ হাজার টাকার বেশি লেনদেন করতে পারবেন না।বর্তমানে সাধারণ সময়ে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। কিন্তু নির্বাচনের আগের ও পরের এই চার দিন সেই সুযোগ থাকছে না।

এক নজরে নতুন নির্দেশনা (৯ - ১২ ফেব্রুয়ারি):

একক লেনদেন সীমা: সর্বোচ্চ ১,০০০ টাকা।
দৈনিক লেনদেন সংখ্যা: সর্বোচ্চ ১০ বার।
দৈনিক মোট সীমা: ১০,০০০ টাকা।
ইন্টারনেট ব্যাংকিং (P2P): সম্পূর্ণ বন্ধ।
ব্যতিক্রম: মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল।



এদিকে এমএফএস লেনদেনে কড়াকড়ির পাশাপাশি এই ৯৬ ঘণ্টা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর সুবিধা (আইবিএফটি) সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে মার্চেন্ট পেমেন্ট (কেনাকাটা) এবং ইউটিলিটি বিল (গ্যাস, বিদ্যুৎ, পানি) পরিশোধের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।



বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচন উপলক্ষে অস্বাভাবিক লেনদেন রুখতে প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে নিজস্ব ‘কুইক রেসপন্স সেল’ গঠন করতে হবে। সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের (ক্লোজ মনিটরিং) আওতায় থাকবে। কোনো সন্দেহজনক লেনদেন দেখা দিলে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানাকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।



এ ছাড়া নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী এমএফএস ও ব্যাংকগুলোকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে বলা হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com