ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা

আপলোড সময় : ১০-০২-২০২৬ ১১:১৬:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০২-২০২৬ ১১:১৬:৪৫ পূর্বাহ্ন
বিলেত (লন্ডন) থেকে সোজা ঠাকুরগাঁওয়ের ভোটের ময়দানে। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আসা পুত্রবধূর মুখে ‘ভাঙা ভাঙা’ বাংলা শুনে তখন রীতিমতো হুল্লোড় বালিয়াডাঙ্গী উপজেলার লাহিরি এলাকায়। শাশুড়িমা ভোটপ্রার্থী, আর তার হয়েই প্রচারে কোমর বেঁধে নেমেছেন লন্ডনের বাসিন্দা পুত্রবধূ ফ্লাভিয়া।ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন্নাহার বেগম। তার হয়েই সোমবার (৯ ফেব্রুয়ারি) এক নির্বাচনী সভায় হাজির হয়েছিলেন তার একমাত্র পুত্রবধূ।  সাহেবি মেজাজ ছেড়ে এদিন একেবারেই ঘরের মেয়ে হয়ে ধরা দিলেন ফ্লাভিয়া। বক্তব্যের শুরুতেই হাসিমুখে জানালেন, ‘আই লাইক বাংলাদেশ।’ এরপর খানিকটা লাজুক হেসে জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমার শাশুড়ি খুব ভালো মানুষ, আপনারা ওনাকে ভোট দিবেন।’




বিদেশি তনয়ার মুখে এমন অকপট স্বীকারোক্তি শুনে উপস্থিত জনতা তখন হাসিতে ফেটে পড়েন। জনতার সেই উৎসাহ দেখে মিষ্টি হাসি ফুটে ওঠে ফ্লাভিয়ার মুখেও। মেমসাহেব পুত্রবধূর এই সরলতা আর শাশুড়ির প্রতি ভক্তি মুহূর্তেই মন জয় করে নিয়েছে স্থানীয়দের।
এলাকার মানুষের কাছে ফ্লাভিয়া এখন আর কেবল ‘বিদেশি মেম’ নন, বরং ঘরের আদুরে পুত্রবধূ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের ময়দানে এ ‘লন্ডনি’ চমক লাঙ্গল প্রতীকের পালে কতটা হাওয়া টানে, সেটাই এখন দেখার বিষয়।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com