মোবাইল কিনে না দেয়ায় বিদ্যুতের খুঁটিতে চড়ে কিশোরের আত্মহত্যার চেষ্টা

আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৩:২১:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৩:২১:০৬ অপরাহ্ন
রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমান করে এক বাকপ্রতিবন্ধী কিশোর উচ্চ ভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে। স্থানীয়দের তৎপরতা ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের পাশের একটি বিলে এ ঘটনা ঘটে। কিশোরের নাম সুমন (১৪)। সে একই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।



স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে দূরে বিদ্যুতের একটি খুঁটির ওপর একজন কিশোরকে বসে থাকতে দেখেন। কাছে গিয়ে তারা দেখতে পান, সেটি হাই ভোল্টেজ লাইনের খুঁটি এবং সেখানে সুমন বসে আছে। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত স্থানীয় বিদ্যুৎ অফিসে খবর দেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়।খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর তারা কিশোরকে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হন। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


স্থানীয়রা জানান, সম্প্রতি সুমন তার পরিবারের কাছে একটি মোবাইল ফোনের দাবি জানায়। পরিবার সেটি কিনে দিতে না পারায় সে মানসিকভাবে কষ্ট পায়। ধারণা করা হচ্ছে, অভিমান থেকেই সে এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেয়। তবে পরিবারের সদস্যরা জানান, তারা বিষয়টি বুঝতে পারেননি যে সে এমন কিছু করতে পারে।এ বিষয়ে তানোর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, স্থানীয়দের দ্রুত সংবাদ দেয়ার কারণেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত।


পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুমন বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকবেন বলে জানিয়েছেন তার স্বজনরা।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com