ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের দাবিতে মার্কিন পার্লামেন্টে চিঠি ২৫০ সংস্থার

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ১০:৩০:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ১০:৩০:৩৫ পূর্বাহ্ন
ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে চিঠি দিয়েছে ২৫০টিরও বেশি মার্কিন সংস্থা এবং প্রতিষ্ঠান। চিঠিতে অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন প্রয়োজনীয় খাত থেকে অর্থ সরিয়ে তা যুদ্ধে পাঠানো হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। সম্প্রতি বিভিন্ন মার্কিন ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম ৬ দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ১ হাজার ১৩০ কোটি ডলার।

যে আড়াই শতাধিক সংস্থা গতকাল বৃহস্পতিবার কংগ্রেসে চিঠি দিয়েছে, সেসবের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংস্থা পাবলিক সিটিজেনও আছে। পাবলিক সিটিজেনের কো-প্রেসিডেন্ট রবার্ট ওয়েইসম্যান সাংবাদিকদের বলেন, “একটি অবৈধ, অজনপ্রিয় এবং বিধ্বংসী যুদ্ধকে প্রলম্বিত করা এবং তীব্রতা বাড়াতে পেন্টাগন (মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তর)-কে ইতোমধ্যেই বিপুল পরিমাণ অর্থ প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে এই বরাদ্দ আরও বাড়ানোর পরিকল্পনা চলছে।”

“যুদ্ধের প্রথম ৬ দিনে ব্যয় হয়েছে ১ হাজার ১৩০ কোটি ডলার। এটা হেলাফেলার বিষয় নয়। এই পরিমাণ অর্থ দিয়ে অনায়াসে যুক্তরাষ্ট্রের চরম দরিদ্র ও ছিন্নমূল ৪০ লাখ মানুষকে খাদ্য নিরাপত্তা দেওয়া সম্ভব”, সাংবাদকিদের বলেন ওয়েইসম্যান।




কংগ্রেসকে দেওয়া চিঠিতে যেসব মার্কিন সংস্থা স্বাক্ষর করেছে, সেগুলোর মধ্যে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (আকলু), অক্সফাম আমেরিকা, ন্যাশনাল নার্সেস ইউনাইটেড, দ্য কাউন্সিল অব আমেরিকান-ইসলামিক রিলেশন্স, দ্য ইউনিয়ন অব কনসার্নড সাইন্টিস্ট, জে স্ট্রিট, গ্রিনপিস, ফ্রেন্ডস অভ দ্য আর্থ, ইন্ডিভিজিবল এবং জিউইশ ভয়েস অব পিস উল্লেখযোগ্য।



সূত্র: আলজাজিরা

 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com