সোনামসজিদ স্থলবন্দরে স্বর্ণের বারসহ যুবক আটক

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০১:২১:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০১:২১:১৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর চেকপোষ্ট থেকে দুইটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।‎বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চাঁপাইনবাবগঞ্জ ৫৯ মহানন্দা বিজিবি।
আটককৃত ব্যক্তি সানি মাই (২৭)। তার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ২৩১.৮১ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার নিয়ে সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারত যাচ্ছিল সানি মাই। এসময় ৫৯ বিজিবির অধীনস্থ সোনা মসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশী নাগরিক সানি মাই এর নিকট থেকে স্বর্ণের বার দুইটি উদ্ধার করে। ‎বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির নিকট ধাতব দ্রব্য থাকার বিষয়টি বিজিবি’র আর্চওয়ে মেটাল ডিটেকটর চেকিং-এ ধরা পড়লে তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা স্বীকার করেন।




পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হয়। এতে তার পায়ুপথ হতে বাংলাদেশি খাঁটি স্বর্ণখচিত ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বার দুটির বাজার মূল্য প্রায় ৫৪ লাখ টাকা। 




‎চাঁপাইনবাবগঞ্জ ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, জানান রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণের বার দুটি ভারতে পাচার করা হচ্ছিল। চোরাকারবারীরা অভিনব কৌশল অবলম্বন করলেও বিজিবির তল্লাশি এড়াতে বিফল হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com