৪৪ বছর পর এই মন তোমাকে দিলাম’ আবার পর্দায় গাইলেন সাবিনা ইয়াসমীন

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০১:৩৭:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০১:৩৭:২৯ অপরাহ্ন
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে কালজয়ী প্রেমের গানের তালিকায় একেবারে শুরুর দিকেই থাকবে ‘এই মন তোমাকে দিলাম’। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমার জন্য গাওয়া গানটি আজও শ্রোতার আবেগ, স্মৃতি আর ভালোবাসার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। সেই গানই দীর্ঘ ৪৪ বছর পর নতুনভাবে ফিরে আসছে পর্দায়। আর সবচেয়ে বড় চমক, নতুন সংস্করণেও কণ্ঠ দিয়েছেন দেশের সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গানটি ব্যবহার করা হচ্ছে আসন্ন সিনেমা ‘দম’-এ।

 বুধবার, ১১ মার্চ রাজধানীর একটি স্টুডিওতে হয় গানটির রেকর্ডিং। ‘দম’ সিনেমার জন্য নতুন সংগীত আয়োজনে তৈরি করা হয়েছে ‘এই মন তোমাকে দিলাম’-এর এই সংস্করণ। তবে এটি হুবহু আগের গান নয়। মূল গানের আবহ ও আবেদন ধরে রেখে এতে যুক্ত হয়েছে নতুন কিছু কথা। নতুন অংশের কথা লিখেছেন তন্ময় পারভেজ। গানটির সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। নতুন সংস্করণে সাবিনা ইয়াসমীনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস।

মূল ‘এই মন তোমাকে দিলাম’ গানের কথা লিখেছিলেন গীতিকার, সুরকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। সুর করেছিলেন আনোয়ার পারভেজ। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের সেই জনপ্রিয় গানকে নতুন প্রজন্মের দর্শকের কাছে নতুন আবহে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে ‘দম’ সিনেমায়।

রেকর্ডিংয়ের ফাঁকে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাবিনা ইয়াসমীন বলেন, ‘নতুন এই গানটা আমার ভালো লেগেছে বলেই কাজটা করছি। তা ছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে।’ রেকর্ডিং শেষে তিনি ‘দম’ সিনেমার অভিনয়শিল্পী আফরান নিশো ও পূজা চেরীর অভিনয়েরও প্রশংসা করেন। পাশাপাশি সিনেমাটির সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনাও জানান তিনি।




সিনেমায় গানটি ব্যবহারের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেছেন নির্মাতা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘“দম” বাংলাদেশি গল্পের সিনেমা, সাধারণ মানুষের জ্বলে ওঠার সিনেমা, ইমোশনাল সিনেমা। আমরা সিনেমায় এমন একটা গান রাখতে চেয়েছি, যেটা সব রকম অনুভূতিকে স্পর্শ করে। “এই মন তোমাকে দিলাম’ গানটা এখন আর শুধু একটা গান না, এর সঙ্গে একটা জাতির অনুভূতি, ভালোবাসা, স্মৃতি, আনন্দ–বেদনা জড়িয়ে আছে। “দম” সিনেমাটাও এমন, যে গল্পটা দর্শকদের নানা রকম অনুভূতিকে স্পর্শ করে যাবে।’
গানটি ব্যবহারের জন্য গাজী মাজহারুল আনোয়ারের পরিবারের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। নির্মাতা জানান, গীতিকারের ছেলে সরফরাজ আনোয়ার ও মেয়ে দিঠি আনোয়ার আনন্দের সঙ্গেই সিনেমাটিতে গানটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। রেকর্ডিংয়ের সময় তাঁরাও উপস্থিত ছিলেন এবং পুরো দলের জন্য শুভকামনা জানিয়েছেন।



‘দম’ সিনেমার রোমান্টিক গানের পরিকল্পনা থেকেই আসে এ ভাবনা। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার ২০ হাজার গান লিখেছেন। যার মধ্যে সাবিনা ইয়াসমীন গেয়েছেন ৮ থেকে ১০ হাজার গান। আমরা ভাবলাম, এই অনবদ্য জুটিটাকে কীভাবে আমরা শ্রোতাদের সামনে হাজির করতে পারি। সেখান থেকেই পরিকল্পনার শুরু। গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপলের সঙ্গে কথা বলে আমরা কাজটি নিয়ে আগাই। এখানে সবচেয়ে চ্যালেঞ্জ ছিল সাবিনা ইয়াসমীনকে পাওয়া। শেষ পর্যন্ত সেটাও আমরা করতে পেরেছি। আমরা সত্যিই আনন্দিত। আশা করি, শ্রোতারাও গানটা পছন্দ করবেন।’

সাবিনা ইয়াসমীনের কণ্ঠে আবারও গানটি শুনে আবেগাপ্লুত দিঠি আনোয়ার। তিনি বলেন, ‘সাবিনা ইয়াসমীন সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি। বাবার লেখা অধিকাংশ গানই তিনি গেয়েছেন। যার প্রায় সবই শ্রোতাপ্রিয়। আজ আবার তাঁর কণ্ঠে গানটি শুনে মনে হলো, যেন সেই আগের মতোই লাগছে। সেই আবহটাই ফিরে এসেছে।’

এমন একটি কালজয়ী গানের অংশ নিয়ে নতুন গান তৈরি করাকে কঠিন কাজ বলেই মনে করেন সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি। তিনি বলেন, ‘যাঁদের গান শুনে বড় হয়েছি, তাঁদের একজনের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য আনন্দের। সাবিনা ইয়াসমীন যখন বললেন যে গানটি তাঁর ভালো লেগেছে, সেটাই আমার জন্য বড় প্রাপ্তি।’

অন্যদিকে কিংবদন্তি এই শিল্পীর সঙ্গে একই গানে কণ্ঠ দিতে পেরে অভিভূত তরুণ শিল্পী মোমিন বিশ্বাস। তাঁর কাছে এটি স্বপ্নপূরণের মতো অভিজ্ঞতা।
ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে ‘দম’। ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনের সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এবং চরকি। বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হিসেবে ইতিমধ্যেই আলোচনায় আছে এটি। রেদওয়ান রনির সঙ্গে সিনেমার চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com