ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৭:৩৫:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৭:৩৫:২৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি পরিবহনকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় জেলা প্রশাসন ও র‍্যাব-১১-এর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার নাঈম উল হক।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জনমনে অসন্তোষ তৈরি হলে ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চিটাগাং রোড ও কাঁচপুর এলাকার বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় নীলাচল পরিবহনকে ৪ হাজার ৩০০ টাকা এবং ইকোনো পরিবহনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানিয়েছে, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমানো এবং নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com