সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: সংশ্লিষ্ট দুইটি লঞ্চের রুট পারমিট বাতিল

আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ১১:২৮:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ১১:২৮:২১ পূর্বাহ্ন
সদরঘাটের মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট দুইটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।বুধবার (১৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। এ ছাড়া তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।



তিনি বলেন, একটি তদন্ত কমিটির প্রধান করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) আবুল ইসলামকে এবং অপর কমিটির প্রধান করা হয়েছে বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলামকে। মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের প্রতিনিধি রাখা হয়েছে।


প্রতিমন্ত্রী জানান, আহতরা একই পরিবারের সদস্য এবং তারা বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com