হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে গ্রাহকদের সুখবর দিল নবীন ফ্যাশন

আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৪:৪৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৪:৪৫:২৫ অপরাহ্ন
কুমিল্লা-৪ আসনের এমপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে ‘নবীন ফ্যাশন’ আবারও তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বুধবার (২৫ মার্চ) প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।ঘোষণায় বলা হয়, ঈদুল ফিতরের আগের দিন রাজধানীর মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনার পর প্রতিষ্ঠানটি নতুনভাবে কার্যক্রম শুরু করছে। এ উপলক্ষে ১৫ দিনব্যাপী ঈদ আনন্দ উৎসব আয়োজনের পরিকল্পনাও রয়েছে।


প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, হাসনাত আব্দুল্লাহ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের উদ্যোগে মগবাজার শাখা ছাড়া অন্যান্য শোরুম চালু করা হচ্ছে। এসব শাখায় ক্রেতাদের জন্য বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার থাকবে বলেও উল্লেখ করা হয়।
এদিকে নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি চীন থেকে ফেসবুক লাইভের মাধ্যমে গ্রাহকদের ঈদের শুভেচ্ছা জানাবেন বলেও জানানো হয়েছে।


এর আগে সম্প্রতি আলোচনায় আসা এই ব্যবসায়ী দেশ ছাড়ার ঘোষণা দেন। মঙ্গলবার রাতে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ছবি শেয়ার করে দেশত্যাগের কথা জানান। পোস্টে তিনি লেখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই আপাতত দেশ ছেড়ে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফিরে আসব, ইনশাআল্লাহ।’


একইদিন বিকেলে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও তিনি ব্যবসা বন্ধ করে বিদেশে চলে যাওয়ার ঘোষণা দেন। সেখানে তিনি অভিযোগ করেন, একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে পোশাকের মূল্য নির্ধারণ করে দিচ্ছে। তাদের নির্ধারিত দামের নিচে পাঞ্জাবি বা পাজামা বিক্রি করতে দেওয়া হয় না বলেও দাবি করেন তিনি।



উল্লেখ্য, গত ২০ মার্চ ঈদের আগের দিন রাজধানীর মগবাজারে অবস্থিত ‘নবীন ফ্যাশন’-এর একটি শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, আশপাশের ব্যবসায়ীরা পুলিশের সহায়তায় দোকানটি বন্ধ করে দেন। কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ কার্যক্রমের’ সঙ্গে তুলনা করে আপত্তি জানানো হয়।


বর্তমানে সংশ্লিষ্টদের হস্তক্ষেপে প্রতিষ্ঠানটির অন্যান্য শোরুম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসা স্বাভাবিকভাবে চালু রাখা এবং ক্রেতাদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com