দেশে আপাতত জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ

আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৫:০৪:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৫:০৪:৩৭ অপরাহ্ন
বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশে আপাতত জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে সরকার। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে বর্তমান সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য নিশ্চিত করেন।


উপদেষ্টা ডা. জাহেদ জানান, সরকার বর্তমানে উচ্চমূল্যে তেল কিনলেও সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে এখনই দাম বাড়ানোর কথা ভাবছে না। তবে বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি দেশবাসীকে জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।

মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও কাতারের গ্যাসক্ষেত্রে হামলার প্রসঙ্গ টেনে ডা. জাহেদ বলেন, হামলায় কাতারের জ্বালানি খাতের প্রায় ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে পূর্বের চুক্তি অনুযায়ী বাংলাদেশের প্রতিশ্রুত এলএনজি সরবরাহ পাওয়া নিয়ে কিছুটা শঙ্কার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান। এছাড়া কোনো পাম্প মালিক অবৈধভাবে তেল মজুত করছে কি না, তা খতিয়ে দেখতে কড়া নজরদারি বাড়ানোর ঘোষণাও দেন তিনি।

একই সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও একটি কঠিন সময় পার করছে। তবে আমাদের দেশে এই মুহূর্তে কোনো জ্বালানি সংকট নেই।’ তিনি জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ না করার আহ্বান জানিয়ে বলেন, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর।সংবাদ সম্মেলনে সরকারের এক মাসের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com