দেশে পৌঁছেছে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ১১:৩১:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ১১:৩১:৪৬ পূর্বাহ্ন
সৌদি আরবের আল খারিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আবদুল্লাহ আল মামুনের (৪০) মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতের কফিন গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।নিহত আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের শহীদ সওদাগরের ছেলে।


পরিবারে সচ্ছলতা ফেরানোর স্বপ্নে বিভোর হয়ে দীর্ঘ ১৫ বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কর্মজীবনের ব্যস্ততায় সবশেষ পাঁচ বছর আগে তিনি নিজ গ্রামে স্বজনদের কাছে এসেছিলেন। তার স্ত্রী শারমিন আক্তার এবং ৬ বছর বয়সী একমাত্র পুত্রসন্তান মাহেদী শেখ এখন দিশেহারা।গত ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরের ‘আল তোয়াইক বলদিয়া’ কম্পানির একটি শ্রমিক ক্যাম্পে হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলা হয়।


ওই হামলায় মামুন গুরুতর আহত হলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ১৭ মার্চ স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, একই হামলায় মোশাররফ হোসেন নামে আরো এক বাংলাদেশি শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। তার মরদেহ গত ২০ মার্চ দেশে আনা হয়েছিল।


মরদেহ গ্রহণের সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ‘বৈধ পথে যাওয়া প্রবাসীদের জান-মালের নিরাপত্তা ও তাদের পরিবারকে সহযোগিতা করা সরকারের দায়িত্ব। নিহত মামুনের পরিবার যেন দ্রুত বিমা ও সৌদি সরকারের পক্ষ থেকে পাওনা ক্ষতিপূরণ পায়, সে বিষয়ে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কাজ করছে।’

আজই মরদেহটি তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com