এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০২:০৯:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০২:০৯:২৪ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা মারা গেছেন। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।রাফিয়া সুলতানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এনসিপির মিডিয়া উইং। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১৯ সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে রোকেয়া হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি তৎকালীন ‘নুর-রাশেদ-ফারুক’ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন। পরবর্তীতে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন। সবশেষ তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।



পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) আসরের নামাজের পর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com