বিএনপির নাম ভাংগিয়ে লিজের পুকুরের মাছ লুটের চেষ্টা,চাষিদের উপর হামলা

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৪:৪৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৪:৪৪:৪৮ অপরাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভাষানচর ইউনিয়নে সরকারি একটি পুকুরে মাছ ধরতে গিয়ে লিজগ্রহীতার নিয়োজিত চাষিদের ওপর হামলা, মাছ লুটের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার দুপুরে ভাষানচরের গুদিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সরকারি পুকুরটি বৈধ প্রক্রিয়ায় লিজ নিয়ে কিছু স্থানীয় বেকার যুবককে দিয়ে মাছ চাষ করা হচ্ছিল। সেদিন চাষিরা পুকুর থেকে মাছ ধরার সময় একদল ব্যক্তি সেখানে গিয়ে হামলা চালায় এবং ধরা মাছ জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীদের মধ্যে ছিলেন নাহিদ প্যাদা, মানিক হাওলাদার, রফিক ফকির ও কালাম হাজী। স্থানীয়ভাবে তারা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চুন্নুর অনুসারী হিসেবে পরিচিত। পরে ঘটনাস্থলে আরও কয়েকজন এসে নিজেদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে হুমকি-ধমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।

চাষিদের দাবি, হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাধা দিলে মারধর শুরু করে। এতে ফরহাদ হাওলাদার নামে এক চাষি আহত হন। এছাড়া জান্নাত সিকদার, সোলেমান হাওলাদার ও স্বপন হাওলাদারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা দা ও লাঠিসোটা প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করে এবং পরে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়দের সহায়তায় আহত ফরহাদ হাওলাদার প্রাথমিক চিকিৎসা নেন।

স্থানীয়দের ভাষ্য, সরকারি পুকুরটি বিগত সময়ে যথাযথ লিজ ছাড়াই প্রভাবশালী মহল ভোগদখলে রেখেছিল। পরবর্তীতে প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে লিজ দেওয়া হলে বর্তমান লিজগ্রহীতা সেখানে মাছ চাষ শুরু করেন। এ নিয়েই বিরোধের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কাজিরহাট থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত চলছে।

এ বিষয়ে কাজিরহাট থানার ওসি (তদন্ত) দীপঙ্কর রায় বলেন, অভিযোগ গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বিষয়টি উপজেলা প্রশাসনকেও জানানো হয়েছে।

এদিকে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, যাদের নাম রাজনৈতিক পরিচয়ে উল্লেখ করা হচ্ছে, তাদের কেউ দলীয় পদে নেই। ছাত্রদলের স্থানীয় এক নেতার উপস্থিতির বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে তারা জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, সরকারি সম্পদ নিয়ে প্রভাব বিস্তার ও দখলদারিত্বের সংস্কৃতি বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়ানোরও দাবি উঠেছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com