ফায়ার সার্ভিসে শুরু হলো ‘ই-ফায়ার লাইসেন্স’, ঘরে বসেই মিলবে সেবা

আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৫:১০:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৫:১০:২৯ অপরাহ্ন
জনসাধারণের ভোগান্তি কমাতে এবং সেবা প্রদান প্রক্রিয়া আরও আধুনিক ও সহজ করতে ই-ফায়ার লাইসেন্স চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এখন থেকে ঘরে বসেই অনলাইনে নতুন লাইসেন্স আবেদন, নবায়ন ও পুনর্মূল্যায়নসহ যাবতীয় সেবা পাওয়া যাবে, যার মাধ্যমে দীর্ঘদিনের প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির অবসান ঘটলো।




এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, দীর্ঘদিনের প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির অবসান ঘটিয়ে শুক্রবার (১ মে) থেকে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় ফায়ার লাইসেন্স প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে নতুন লাইসেন্সের আবেদন, নবায়ন কিংবা পুনর্মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করতে পারবেন।

এই নতুন ব্যবস্থার ফলে লাইসেন্স সংক্রান্ত সব ধরনের ম্যানুয়াল বা সনাতন পদ্ধতির আবেদন গ্রহণ কার্যক্রম আজ থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। আবেদন থেকে শুরু করে লাইসেন্স প্রাপ্তি, পুরো প্রক্রিয়াটি এখন থেকে সাধারণ মানুষের হাতের নাগালে। 



এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর-১০ এ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইওসি ভবনের সম্মেলন কক্ষে এ সেবার উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।সেবাটির উদ্বোধন অনুষ্ঠানে ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের প্রধান ও পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান সূচনা বক্তব্য প্রদান করেন। এসময় আধুনিক এই সেবা কার্যক্রম সফল করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।


উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই নতুন ডিজিটাল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় নিজেদের মতামত ও ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান, উপ-পরিচালক (চট্টগ্রাম বিভাগ) মো. জসীম উদ্দীন এবং উপ-পরিচালক (রংপুর বিভাগ) আনোয়ারুল হক। 
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com